জাকির হোসেন
টাঙ্গাইলে একঝাঁক উদ্যমী নারী সমাজসেবীর উদ্যোগে ‘বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শহরের কলেজপাড়া এলাকার সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ সংগঠনের উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হাছিনা আফরোজ দিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মমতাজ পারভিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক সুবর্না খান ইতি, প্রোগ্রাম অফিসার ইলমি তাবাসসুম এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পান ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা।
সংগঠনটির আত্মপ্রকাশের প্রথম দিনেই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তিনজন দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতারা জানান, ‘বেঁচে থাকা’ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; এটি সম্পূর্ণ সেবামূলক মনোভাব থেকে গঠিত। জীবিত থাকা আর বেঁচে থাকার প্রকৃত অর্থ অনুধাবন করেই আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির প্রধান লক্ষ্য।
সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে—অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি, জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ অভিযান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানো। আমরা এমন একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না।” এ সময় সংগঠনের সদস্যরা স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজসেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ‘বেঁচে থাকা’ তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে বৃহৎ পরিসরে মানবিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।