চীনের সহায়তায় বাংলাদেশ পাচ্ছে ৪টি নতুন জাহাজ, সই হলো ফ্রেমওয়ার্ক চুক্তি

বাংলাদেশের নৌপরিবহন ও বৈদেশিক বাণিজ্য সক্ষমতা বাড়াতে চীনের সহায়তায় চারটি নতুন জাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায় “প্রকিউরমেন্ট অব নিউ ফোর ভেসেলস প্রকল্প”-এর ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের পক্ষে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হে. ই. মি. ইয়াও ওয়েন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

চুক্তি স্বাক্ষর শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের শিপিং সক্ষমতা বাড়বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে এবং সামুদ্রিক খাতে বাংলাদেশের আত্মনির্ভরতা আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, চীন সবসময় বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্ব ও সুপ্রতিবেশী নীতিতে বিশ্বাস করে। ভবিষ্যতেও বাংলাদেশ–চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‘প্রকিউরমেন্ট অব নিউ ফোর ভেসেলস প্রকল্প’টি বাংলাদেশ ও চীনের মধ্যে একটি আন্তঃসরকার সহযোগিতা প্রকল্প। চীনা সরকারের দেওয়া স্বল্পসুদে ঋণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য চারটি নতুন জাহাজ নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল ট্যাংকার এবং দুটি বাল্ক ক্যারিয়ার।

সংশ্লিষ্টরা বলছেন, এই চারটি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহন আরও গতিশীল হবে। জ্বালানি ও পণ্য আমদানি–রপ্তানিতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *