মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম বাদশা মোড়ল (২৬)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন তুলে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথে মাগুরা শহরের পারনান্দুয়ালি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
নিহত বাদশা মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার আইলিয়া গ্রামের ওমর আলির ছেলে।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।