মাগুরায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বল বীর, চির উন্নত মম শির’—এই স্লোগান সামনে রেখে ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের নোমানী ময়দানে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রাক্তন সৈনিকদের বিভিন্ন দাবি-দাওয়া, কল্যাণমূলক সুবিধা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাক্তন সৈনিকদের যে অবদান রয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া জরুরি। একই সঙ্গে তাদের যৌক্তিক দাবি ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. অহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) মো. খলিলুর রহমান, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল গফফার এবং সার্জেন্ট (অব.) মো. বাচ্চু মোল্লা। এছাড়াও সংগঠনের অবসরপ্রাপ্ত সদস্যরা সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জজকোর্টের অ্যাডভোকেট সার্জেন্ট (অব.) মো. রিজাউল করিম। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) মনির হোসেন।
সভায় প্রাক্তন সৈনিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি ফরিদ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।