ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্ক (সান)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মুসলিম বিশ্বের অন্যতম বড় দুর্বলতা হলো শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা। অথচ এই বিশ্বে বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হলে শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ এবং আধুনিকায়ন জরুরি।
তিনি বলেন, আইইউটি ও সান নেটওয়ার্কের এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তিগত ও কারিগরি জ্ঞান আদান-প্রদান বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইইউটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিকো ফাউন্ডেশন ও সান নেটওয়ার্কের পক্ষে নির্বাহী চেয়ারম্যান ও সান-এর সদস্য সালাহউদ্দিন কাসেম খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহযোগিতার ফলে শিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ সৃষ্টি হবে এবং মুসলিম দেশগুলোর মধ্যে জ্ঞানভিত্তিক সংযোগ আরও শক্তিশালী হবে।