জামায়াত সরকার গঠন করলে নাহিদ ইসলাম মন্ত্রী হবেন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জনসভার শুরুতেই ডা. শফিকুর রহমান নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।

সভায় জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়। তাই আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, “সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রাখা হবে, পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুয়া আশ্বাস দেয় না। যা আছে, তাই দিয়েই দেশ গড়বে।”

বিএনপিকে লক্ষ্য করে ডা. শফিকুর রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে জনগণ লাল কার্ড দেখাবে।”

তিনি ১৯৪৭ ও ১৯৭১ সালের কথা উল্লেখ করে বলেন, তখন জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার দাবি, ২০২৪ সালে সাধারণ মানুষের দাবি দমন করতে গিয়ে জুলাই–আগস্টের ঘটনা ঘটে। তিনি বলেন, “৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ১৭ বছর ধরে পলাতক থাকা ব্যক্তিরা এখন মামলা বাণিজ্যে জড়িয়েছে। তিনি বলেন, ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। “যারা ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছে, তারা যখন দুর্নীতিবিরোধী কথা বলে, তখন সেটা হাস্যকর হয়ে ওঠে,”—যোগ করেন তিনি।

জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *