ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মহড়া পরিচালনা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, আরডিসি সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি এসআই আব্দুল করিম খান, র্যাবের টিম প্রধান আবুল হুসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
শ্রীপুর উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর ও নাকোল বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াকালে কর্মকর্তারা সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কেউ যদি ভোট দিতে বাধা দেয় বা ভয়ভীতি ও হুমকি দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
এ সময় ভোটারদের নিজ নিজ পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির কথা জানানো হয়।