নাগরিক সেবাকে আরও আধুনিক, সহজ ও ক্যাশলেস করতে গাজীপুর সিটি কর্পোরেশন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা এখন থেকে ঘরে বসেই বিভিন্ন সেবার ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
রবিবার (৮ই ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআই-এর সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমে পরিশোধ করা যাবে।
নাগরিকরা বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং, ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস ও টাকা-পে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেট ব্যবহার করে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে বিল পরিশোধের সুবিধা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।
এছাড়া অনুষ্ঠানে এটুআই-এর চিফ টেকনোলজি এডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, একপে’র কনসালটেন্ট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ এটুআই ও গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটুআই-এর প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, সরকারি সেবা ডিজিটাল হলে সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও সহজ হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের পেমেন্ট ব্যবস্থা একপে’র মাধ্যমে ডিজিটাল হওয়ায় নগরবাসী সরাসরি উপকৃত হবেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই। এই উদ্যোগ সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে এবং গাজীপুরবাসীকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি দেবে।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর জানান, পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে একপে’র যাত্রা শুরু হলো এবং এই সেবার মাধ্যমে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।
সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরে আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ক্যাশলেস ও জনবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে একপে’র মাধ্যমে নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।