জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, এটি স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। তিনি বলেন, “আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোর পরিবর্তনও চেয়েছি। আমরা স্বৈরতন্ত্রের পরিবর্তন চাই।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না। নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব।”
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ধারিত হবে। আগামী ১০০ বছরে দেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে, প্রশাসন ও পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমনভাবে কাজ করবে—সবকিছুর সিদ্ধান্ত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে।
বিগত নির্বাচনগুলোর অনিয়মের কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, গত তিনটি নির্বাচনে ভোটের জন্য বিভিন্ন স্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে টাকা দিতে হতো। “এসপির জন্য বরাদ্দ, ওসিকে খাম, এসআইকে টাকা, এমনকি ভোটের আগের রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “এবার যদি কেউ কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্য নিয়ে খেলেন—তাদের পালানোর কোনো জায়গা থাকবে না।”
জনসভায় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ তুলে দেওয়া হয়। জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।