‘আমেরিকা–ভারতের ইনসাফ নয়, মদিনার ইনসাফ চাই’—চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে নির্বাচনী প্রতীক ঘোষণা করার পর দেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে সময় গুনছিল। কিন্তু সে সময় ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করেছে বলে তিনি অভিযোগ করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনের টি.বি স্কুল মাঠে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই—আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।”

তিনি আরও বলেন, যারা এখন বলছে তারা শরীয়াহ বাস্তবায়ন করবে না এবং প্রচলিত আইনে দেশ চালাবে—বাস্তবে তাদের বাহ্যিক চেহারা সুন্দর হলেও ভেতরের অবস্থা মাকাল ফলের মতো। তিনি বলেন, “এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ইসলামের নাম ব্যবহার করে যারা দুর্নীতিবাজদের অংশীদার হয়েছিল, তারা দায় এড়াতে পারবে না।”

চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছরে দেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু জনগণ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। পরিবর্তনের জন্য একমাত্র নীতি ও আদর্শ হলো ইসলাম। তিনি বলেন, “অনেকে শরীয়াহ শুনলে ভয় পায়। কিন্তু ইসলাম মানেই শরীয়াহ—রোজা, নামাজ, হজ, যাকাতসহ ইসলামের সব বিধিবিধানই শরীয়াহ।”

জনসভায় সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে. এম শরিয়াতুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং মাওলানা হাসিব আর রহমান।

এছাড়া চরমোনাই পীর একই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভা এবং সন্ধ্যার পর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *