দেশ পরিচালনায় একমাত্র অভিজ্ঞ দল বিএনপি—ভোটারদের তারেক রহমান

দেশ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া। তাঁর ভাষায়, বিএনপির লক্ষ্য দেশকে সামনে এগিয়ে নেওয়া এবং দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোট দেওয়ার আগে এক মিনিট চোখ বন্ধ করে ভাবতে। তিনি প্রশ্ন রাখেন, বর্তমানে বাংলাদেশে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ছাড়া আর কোনো দল কি শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সহায়তা বা নারীদের স্বাবলম্বী করার বিষয়ে বাস্তব ও পূর্ণাঙ্গ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে পেরেছে।

তারেক রহমান দাবি করেন, দেশের মানুষের সামনে সঠিক ও পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা উপস্থাপন করতে সক্ষম একমাত্র দল বিএনপি। তাঁর মতে, এর কারণ হলো বিএনপির রয়েছে দেশ পরিচালনার অভিজ্ঞতা এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেওয়ার বাস্তব অভিজ্ঞতা।

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান তারা, যেখানে মা-বোনেরা দিন কিংবা রাত—যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। তরুণ, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ সবাই নিরাপদ ও নিশ্চিন্তে নিজের কাজ করতে পারবেন এবং মানুষ রাতে নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারবেন।

ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানের কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, কেউ যত প্রভাবশালীই হোক, খাল দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে তাকে সরিয়ে দিয়ে খাল পুনরুদ্ধার করা হবে।

সমাবেশে তারেক রহমান ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র দল, যাদের দেশ পরিচালনা ও রাষ্ট্র পুনর্গঠনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপির নেওয়া পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য ১২ তারিখের নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *