প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগে বড় অগ্রগতি হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা বাদে) মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে শর্তসাপেক্ষে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দ্রুত পাঠানো হবে। একই সঙ্গে জেলা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।
এ ছাড়া প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা অনলাইনে পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।