ভোটের দিনে প্রার্থী ও এজেন্টের চলাচলে ইসির নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহন ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন একজন প্রার্থী এবং তাঁর একজন নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। এসব যানবাহনের মধ্যে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশার মতো যান অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তার জন্য যদি কোনো গানম্যান নিয়োগ করা থাকে, তবে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণনা করা হবে।

তবে যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে বিশেষ বিধান রেখেছে কমিশন। এসব এলাকায় প্রার্থী নিজে এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি থাকা যাবে না। চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নৌপথ অধ্যুষিত এলাকায় নৌযান ব্যবহারের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযানে চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।

এ ছাড়া যানবাহনে প্রার্থী বা নির্বাচনি এজেন্ট ছাড়া অন্য যেসব ব্যক্তি অবস্থান করবেন, তাঁদের জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে আগে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না।

ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *