এনএসআইয়ের নামে ভুয়া ‘অফিস আদেশ’ ছড়ানো হচ্ছে: নির্বাচন কমিশনের সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর নাম ব্যবহার করে একটি কথিত ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ ছড়ানো হচ্ছে। সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে নানা দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই নথিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে যে, প্রচারিত ওই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে কমিশন স্পষ্ট করে জানায়, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার সরাসরি প্রশাসনিক ভূমিকা বা সংশ্লিষ্টতা নেই।

ইসি বলছে, এ ধরনের ভুয়া নথি ও গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করার চেষ্টা হিসেবেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।

নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার বা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা নির্বাচন কমিশনে স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। এই সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে।

আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের যোগাযোগ নম্বরগুলো হলো—
০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

নির্বাচন কমিশন সবাইকে গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার এবং সন্দেহজনক কোনো তথ্য দেখলে তাৎক্ষণিকভাবে কমিশনকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *