কারাবন্দিদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই হস্তান্তর করা হয়েছে। বুধবার (আজ) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর কাছে এসব বই হস্তান্তর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানুষের চিন্তা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। এই মূল্যবোধ জাগ্রত করতে পারলে কারাবন্দিদের সংশোধন করা সম্ভব এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই লক্ষ্য সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, এই শিক্ষা কার্যক্রম ধাপে ধাপে দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কারাগারে ধর্মীয় বইয়ের সহজ প্রাপ্যতা ও পাঠাভ্যাস তৈরির উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও বই দেওয়া হবে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, খুব শিগগিরই কারাগারগুলোতে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য প্রয়োজনীয় ধর্মীয় উপকরণও সরবরাহ করা হবে।
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা প্রতিষ্ঠান এসব বই বিনামূল্যে সরবরাহ করেছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।