শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, সফট স্কিল বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) উপাচার্যের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ডাকসু জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাঃ মুহিউদ্দীন খান, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহসহ ডাকসুর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আইসিটি বিভাগের যুগ্মসচিব মুর্তুজা জুলকার নাঈন নোমান, মো. মজিবর রহমান এবং এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর অনুষ্ঠানে অংশ নেন।
সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বিভিন্ন কোর্সের আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ইনোভেশন হাব স্থাপন, আইসিটি ডিভিশনে ইন্টার্নশিপের সুযোগ এবং জব ফেয়ার আয়োজন করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে।
এর আগে গত ১১ নভেম্বর আইসিটি ডিভিশনে “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে আইসিটি বিভাগ, এটুআই কর্মসূচি ও ডাকসুর প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে কার্যকর অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন।
এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি টিএসসিতে একটি নাগরিক সেবা কেন্দ্রও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।