ঢাকায় গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদফতর স্থাপিত মিডিয়া সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। লুৎফে সিদ্দিকী ও লামিয়া মোরশেদ তাদের প্রশ্নের উত্তর দেন।
আলোচনায় বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা পুরো প্রক্রিয়া সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন বলে জানা যায়।
লুৎফে সিদ্দিকী ও লামিয়া মোরশেদও গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত মিডিয়া সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরসহ তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।