ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ই ফেব্রুয়ারী) পাঠানো এক বার্তায় তিনি বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি নতুন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং এর মধ্যে ৬টিতে বিজয় অর্জন—একে তিনি অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া কয়েকটি আসনে সম্মানজনক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথাও তুলে ধরেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু সংখ্যার হিসাব নয়; এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ। চব্বিশের আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহস ও মনোবলের প্রশংসা করেন। আন্দোলনে অংশ নেওয়া সহযোদ্ধাদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি।
বার্তায় অধ্যাপক ইউনূস জানান, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে কাছে থেকে কাজ করার অভিজ্ঞতা তার জন্য মূল্যবান ছিল। তিনি নাহিদের কর্মদক্ষতা, নীতিগত অবস্থান ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন নতুন কণ্ঠস্বর সামনে আসে। এনসিপির এই সাফল্য প্রমাণ করে যে দেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আগ্রহী। তবে এই আস্থা ধরে রাখা এখন দলের জন্য বড় দায়িত্ব।
সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার সুযোগ এসেছে বলেও উল্লেখ করেন তিনি। গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বার্তার শেষাংশে তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।