নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চান নাহিদ ইসলাম

সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত সন্ত্রাস, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড গভীর উদ্বেগজনক এবং গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি বলেন, ক্ষমতার উল্লাসে ভিন্ন মত ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির ওপর হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক সহাবস্থানের পরিপন্থী।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংগঠিত শক্তি প্রদর্শনের চেষ্টা।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের পর সহিংসতার মাধ্যমে মাঠ দখলের রাজনীতি সফল হবে না। জনগণের ভোটের ম্যান্ডেটকে ব্যবহার করে যারা গণ ভয় তৈরি করতে চাইছে, তারা ভুল পথে রয়েছে। রাজনৈতিক প্রতিযোগিতা দমন করে নয়, ন্যায়সংগত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই গণতন্ত্র টিকে থাকে বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নীরবতা বা গড়িমসি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, “সহিংসতা বন্ধ হোক। দোষীদের গ্রেপ্তার করা হোক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্র ভয়ের নয়—জনগণের আস্থা ও অংশগ্রহণের ওপর দাঁড়াক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *