রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নেওয়া হয়। আটক হওয়া বাকি চার জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বিকালের দিকে কয়েকজন ব্যক্তি ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে সেখানে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করেন। তিনি লেখেন, বিকাল ৪টায় ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গিয়ে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত ঐতিহাসিক বাড়িটি রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।