ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো তিন নদী পরিষদের ৪৩তম আসরের ১৫তম দিবসের অনুষ্ঠান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং কুমিল্লার মানুষের অবদান তুলে ধরা হয়। পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে এবং অধ্যাপক রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান দিল নাশি মোহসেন, গীতিকার ও কবি ঝিঁনুক, কবি ও বাচিক শিল্পী শিপন হোসেন মানব এবং সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সাজিয়া আফরিন। বক্তারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানান।
সাংস্কৃতিক পর্বে ফারহানা মিলি ও প্রশিক্ষক অভিজিৎ সরকারের সঞ্চালনায় সংগীত পরিবেশিত হয়। সংগীত প্রশিক্ষক কাঁকন দাসের পরিচালনায় কুমিল্লায় নবগঠিত সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের শিল্পীরা গান পরিবেশন করেন। গিটারশিল্পী বদরুল আলম সোহেলের পরিচালনায় দলীয় সংগীতও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি।
আয়োজকদের মতে, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে জীবন্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।