কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর-দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানান, স্থানীয় শিহাবের বিরুদ্ধে আগে থেকেই লাম্পট্যের অভিযোগ ছিল। কিছুদিন আগে এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের জেরে সোমবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুর রহমানকে একা পেয়ে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান । তাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আনিছুর রহমান, নওয়াব আলী ও আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। এছাড়া জাহিদুল, সিদ্দিক, মিজানুর ও সুমন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অন্য আহতরা দৌলতপুরেই চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
ফরিদ আহমেদ
দৌলতপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি