সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু মন্ত্রণালয়কে দেশের সকল নারী ও শিশুর আস্থার জায়গায় পরিণত করতে গত ১৬ মাস ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা হয়েছে।
আজ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম ও অর্জন তুলে ধরে আয়োজিত এক বিদায়ি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
উপদেষ্টা বলেন, একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই তারা দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব পালনকালে দুই মন্ত্রণালয়ের যেসব দুর্বলতা চোখে পড়েছে, সেগুলো সংস্কারে গত ১৬ মাস ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘পাশে আছে’ প্রকল্পের আওতায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক সেবা, স্বাস্থ্য সহায়তা, আইনি পরামর্শ, কাউন্সেলিং ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জুলাই কন্যা’দের সনাক্তকরণ, তাদের সঠিক সংখ্যা নিরূপণ, জীবনগল্প সংরক্ষণ এবং পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে একটি বৈজ্ঞানিক গবেষণা ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান বাস্তবতায় জেন্ডার সমতা নিশ্চিত করাকে টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের অংশ হিসেবে উল্লেখ করে শারমীন এস মুরশিদ জানান, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে বিদ্যমান কাঠামো রূপান্তর করে ‘জেন্ডার সমতা উৎকর্ষ কেন্দ্র’ প্রতিষ্ঠার কার্যক্রম অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ জারি করে যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে পরিবারে নারী ও শিশুর অধিকার, মর্যাদা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিদায়ি বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে তারা প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ দুই মন্ত্রণালয়ের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে এবং অর্জিত সুনাম অক্ষুণ্ন রাখবে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।