কর্মকর্তাদের প্রশংসায় বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

দায়িত্ব পালনকালে নৈতিকতার প্রশ্নে কখনও আপোষ করেননি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত নৈতিক অবস্থান থেকে একচুলও সরে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না।

আজ বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, দায়িত্ব নেওয়ার সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে তাঁর খুব খারাপ ধারণা ছিল। তবে কাজ করতে গিয়ে সেই ধারণা বদলে গেছে। তিনি বলেন, “আমি অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম, কিন্তু কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ।”

তিনি আরও বলেন, সঠিক নেতৃত্ব পেলে কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন—এটা তারা প্রমাণ করেছেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দেশে যে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনের প্রতিফলন আচরণে আনতে হবে। কেউ অন্যায্য কাজ করতে চাপ দিলে তা দৃঢ়ভাবে না বলতে হবে। প্রয়োজনে বিনয়ের সঙ্গে সঠিক পদ্ধতি তুলে ধরতে হবে।

তিনি জানান, আগামী ১৮ তারিখ নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে। দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদ্‌যাপনের হওয়া উচিত বলে তিনি মনে করেন। নতুন মন্ত্রীকে কার্যকর নেতৃত্ব দিতে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকলে তা গোপন না রেখে সরাসরি জানানো উচিত।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করেছেন। মন্ত্রণালয়ের সব উইং ও দপ্তর-সংস্থা সম্মিলিতভাবে কাজ করতে পেরেছে—এটিকে তিনি সুখস্মৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন-এর চেয়ারপারসন এ এইচ এম আহসান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *