নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত এক বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি রোল মডেল হয়ে থাকবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তার ভাষ্য অনুযায়ী, গতকাল অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকেও প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল, সেখান থেকে সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীটি এখন সম্মানজনক অবস্থানে ফিরে এসেছে। এই অবস্থান আরও শক্তিশালী করতে তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীতে সদস্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল বলে তিনি দাবি করেন। নিজের দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে তিনি বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উপদেষ্টার দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *