লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. রানা ইসলাম (২১) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা এবং মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় চলাকালে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত রানা ইসলাম নিজের অপরাধ স্বীকার করেন। দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা লঙ্ঘনের দায়ে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে পাটগ্রাম থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা করে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ইভটিজিং প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।