মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ঘর পুড়ে ছাই

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বেথুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ই ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে রুকমান মোল্লা ও তার ছেলের বসতবাড়িসহ পাশাপাশি থাকা আরও পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে মোট সাতটি ঘর ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরে রাখা নগদ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা পুড়ে যায়। এছাড়া প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও রক্ষা করা যায়নি।

আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ক্ষতিগ্রস্ত রুকমান মোল্লা বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। ঘরে রাখা টাকা-পয়সা, প্রয়োজনীয় আসবাব—কিছুই রক্ষা করা যায়নি। এই মুহূর্তে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি। দেশ ও প্রবাসে থাকা সহৃদয় মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে মোসলেম মোল্লা বলেন, “রাতে আগুন লাগায় কিছুই বের করা সম্ভব হয়নি। কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।”

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর জরুরি সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *