সংবিধান সংস্কার শপথে বিএনপির অনীহায় খেলাফত মজলিসের উদ্বেগ

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় বিএনপি ও তাদের জোটসঙ্গী সংসদ সদস্যদের সমালোচনা করেছে খেলাফত মজলিস। দলটি বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা জনআকাঙ্ক্ষার পরিপন্থী।

বৈঠকে নেতারা দাবি করেন, গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তাই কোনো বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষ শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই ত্যাগের ফলেই আজ বিএনপি সরকার গঠন করতে পেরেছে—এ কথা ভুলে গেলে চলবে না।

দলটি আরও অভিযোগ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-০৫ ও খুলনা-০৪ আসনসহ যেসব আসনে অনিয়মের অভিযোগ রয়েছে, সেখানে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রমাণসহ উচ্চ আদালতে রিট দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। নেতারা আশা প্রকাশ করেন, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানানো হয়েছে বৈঠকে। একই সঙ্গে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ এবং রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।

পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *