অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন। আগামী ১লা মার্চ অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টের পর্দা উঠবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক আফঈদা খন্দকার, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং প্রধান কোচ পিটার বাটলার। দলের খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন।
দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অনুশীলন ও প্রস্তুতিতে আত্মবিশ্বাসী ফুটবলাররা সংবর্ধনা অনুষ্ঠানে প্রতীকী শট নিয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের শুভকামনা জানিয়ে বলেছে, এশিয়ার সেরাদের আসরে বাংলাদেশ যেন সেরাটা দিতে পারে—এটাই প্রত্যাশা।
এএফসি এশিয়ান কাপ বাংলাদেশের নারী ফুটবলের জন্য বড় একটি মঞ্চ। ভালো ফল করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।