বিশ্ব অর্থনীতির ইতিহাসে কিছু সময় আসে, যখন অর্থনীতি নয়, বরং বিশ্বাসই সবচেয়ে বড় মুদ্রা হয়ে দাঁড়ায়। আজকের পৃথিবী সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের রিজার্ভ ইউএস ট্রেজারির চেয়েও বেশি হয়ে গেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়—এটি এক গভীর ভূমিকম্পের ইঙ্গিত, যা ভবিষ্যতের বৈশ্বিক আর্থিক ভারসাম্য পাল্টে দিতে পারে।
কারণ? আমেরিকা নিজের তৈরি মুদ্রা ব্যবস্থাকেই অস্ত্র বানিয়েছে।
ডলারের অস্ত্রায়ন: এক আত্মঘাতী সিদ্ধান্ত
বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতি এক অর্থে “মুদ্রানীতি-চালিত কূটনীতি”। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আর্থিক লেনদেনের প্রতিটি পরতে “ডলার”কে ব্যবহার করছে অস্ত্র হিসাবে।
সুইফট, ভিসা, মাস্টারকার্ড, এমনকি আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক—সবই ডলারের প্রভাববলয়ে। কিন্তু এই প্রভাবের অপব্যবহার শুরু হলো যখন আমেরিকা তার বিরোধীদের ওপর একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে লাগল।
এটি ছিল এক অর্থনৈতিক suicidal diplomacy—নিজের মুদ্রার প্রতি বিশ্বের আস্থা ধ্বংসের বীজ রোপণ করা।
কারণ বৈশ্বিক অর্থনীতি যখন দেখে যে একটি রাষ্ট্র যে কোনো সময় তাদের বৈদেশিক সম্পদ ফ্রিজ করে দিতে পারে, তখন তারা বিকল্প পথ খুঁজে নেয়। এবং সেই বিকল্প পথের প্রথম নাম—গোল্ড।
ইউরোপের ‘সুযোগ’ ও লেগার্ডের সতর্কবাণী
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড সম্প্রতি বলেছেন—ইউরোপের সামনে এখন এক “unique opportunity” রয়েছে। ডলারের দুর্বলতার সুযোগে ইউরো নিজের অবস্থান শক্ত করতে পারে।
কিন্তু তিনি একইসঙ্গে সতর্ক করেছেন—ইসিবিতে আটক রুশ রিজার্ভ সম্পদের সুদ ইউক্রেনের ফান্ডিংয়ে ব্যবহার করা হলে, সেটি হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী পদক্ষেপ।
অর্থাৎ, ইউরোপ যদি এখনো যুদ্ধের আবেগে মেতে উঠে আমেরিকার মতো একই ভুল করে, তবে ইউরোরও বারোটা বাজবে।
কেন কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণে ফিরছে
এই মুহূর্তে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এক অনিশ্চয়তার চক্রে আটকে আছে। ইউএস ট্রেজারি থেকে শুরু করে চীনের বন্ড মার্কেট—সবখানেই আস্থা কমছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণকে দেখছে “risk-free reserve asset” হিসেবে। স্বর্ণে কোনো ডিফল্ট রিস্ক নেই, কোনো সুদের হার নির্ভরতা নেই, এবং কোনো রাজনৈতিক শর্তও নেই।
এই প্রবণতার ফলেই আজ বাংলাদেশে ভরিপ্রতি স্বর্ণের দাম ২.১০ লাখ টাকায় পৌঁছেছে।
কিন্তু গোল্ড দিয়ে আন্তর্জাতিক ট্রেড হয় না
এখানেই আসল ভুল বোঝাবুঝি। গোল্ড “ট্রেডেবল কারেন্সি” নয়। আন্তর্জাতিক লেনদেনে স্বর্ণের পরিবর্তে কারেন্সি দরকার হয়।
অর্থাৎ, আপনি গোল্ড ধরে রাখতে পারেন নিরাপদ সম্পদ হিসেবে, কিন্তু পেমেন্ট করতে হলে সেটি বিক্রি করে আবার মুদ্রায় রূপান্তর করতে হবে।
যতদিন পর্যন্ত কোনো স্থিতিশীল আন্তর্জাতিক মুদ্রা তৈরি না হয়, ততদিন পর্যন্ত এই “আন্তর্জাতিক অনিশ্চয়তা”র সময় স্বর্ণের প্রতি ঝোঁক বাড়তেই থাকবে।
চীন, ভারত, ও ব্রিকসের বিকল্প স্বপ্ন
এই শূন্যস্থান পূরণে এখন তিনটি শক্তি মাঠে নেমেছে—
- চীন, ইউয়ানকে বৈশ্বিক পেমেন্ট মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
- ভারত, আঞ্চলিক বাণিজ্যে রুপির প্রমোশন বাড়াচ্ছে।
- ব্রিকস, স্বর্ণ-সমর্থিত (gold-backed) নতুন কারেন্সি “ব্রিক্লস” নিয়ে কাজ করছে।
তবে বাস্তবতা হলো, ডলারকে পুরোপুরি রিপ্লেস করা এখনই সম্ভব নয়। বরং আমরা প্রবেশ করছি এক মাল্টিপোলার মুদ্রা ব্যবস্থায়—যেখানে ডলার, ইউরো, ইউয়ান, রুপি—সবাই থাকবে, কিন্তু কেউ একক আধিপত্য করবে না।
আমেরিকার ‘পতন’ নয়, ক্ষমতার পুনর্বণ্টন
ডলারের পতন মানে ডলার শেষ—এটা নয়। বরং এর মানে হলো, বিশ্ব আর শুধুমাত্র ওয়াশিংটনের আর্থিক সিগন্যালের উপর নির্ভর করবে না। ইউএস ট্রেজারির এক সিদ্ধান্তে আর পুরো বিশ্বের স্টক মার্কেট কেঁপে উঠবে না।
এটাই “Unipolar থেকে Multipolar” বিশ্বে উত্তরণের অর্থ—একক নয়, বরং ভারসাম্যপূর্ণ ক্ষমতার যুগে প্রবেশ।
বিনিয়োগকারীর জন্য শিক্ষা
স্বর্ণে বিনিয়োগ লজিক্যাল ও নিরাপদ হতে পারে, যদি তা হয় বাস্তবসম্মত দামে। কিন্তু বাজার যখন আতঙ্কে অতিমূল্যায়িত হয়ে যায়—যেমন এখন দেখা যাচ্ছে—তখন ঝুঁকি বেড়ে যায়। অর্থনীতি আমাদের শেখায়, panic buying কখনোই বুদ্ধিমানের কাজ নয়।
গোল্ড তার প্রকৃত “safe haven” মূল্য ধরে রাখবে, কিন্তু হাইপে নয়—হিসেবি সিদ্ধান্তে।
আজকের স্বর্ণবাজারের উত্থান কেবল বিনিয়োগের প্রতিক্রিয়া নয়—এটি এক geopolitical verdict।
বিশ্ব বলছে—
আমরা আর শুধু একটি দেশের ছায়ায় দাঁড়াতে চাই না। আমরা চাই আস্থা, ভারসাম্য, এবং বিকল্প।
ডলারের কফিনে শেষ পেরেকটি হয়তো এখনো ঠোকা হয়নি, কিন্তু হাতুড়ির শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে।