বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। আজ জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার পর খুব শিগগিরই জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।