সুপার কাপ থেকে মোহামেডানকে বাদ দেওয়ার অনুরোধ এফএসডিএলের

ভারতের ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিল এফএসডিএল (Football Sports Development Limited)। আইএসএলে ফুটবলার ও কোচদের বেতন না দেওয়ায় মোহামেডান স্পোর্টিংকে আসন্ন সুপার কাপ থেকে বাদ দেওয়ার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) চিঠি দিয়েছে সংস্থাটি।

তবে বিষয়টি এখনো প্রস্তাব আকারে রয়েছে। কারণ, বর্তমানে সুপার কাপ-সহ ভারতের সব বড় ফুটবল প্রতিযোগিতার নিয়ন্ত্রণ ফেডারেশনের হাতে। তাই দল নির্বাচনসহ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইএফএফই।

এফএসডিএলের বক্তব্য, আইএসএল শুরু করার সময় থেকেই ফুটবলারদের বেতন সময়মতো পরিশোধের ওপর জোর দেওয়া হয়েছিল, যাতে ভারতের লিগের সুনাম বজায় থাকে। কিন্তু গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং একাধিক খেলোয়াড়ের পাওনা বেতন পরিশোধ করেনি। অভিযোগের ভিত্তিতে ফেডারেশন এবং এফএসডিএল উভয় সংস্থার কাছেই এসেছে একাধিক অভিযোগপত্র।

সূত্রের খবর, এখন পর্যন্ত মোট ছয়জন— খেলোয়াড়, কোচ ও গোলকিপার কোচ— বেতন না পাওয়ার অভিযোগ জানিয়ে ফিফায় চিঠি পাঠিয়েছেন। এ কারণে ফিফা ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিংয়ের নতুন ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এখন দেখার বিষয়, এফএসডিএলের অনুরোধে এআইএফএফ সত্যিই কি মোহামেডান স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেয়, নাকি সমাধানের অন্য কোনো পথ খুঁজে বের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *