ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের আবেদন করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দেন। আবেদনটি রাষ্ট্রপতির বরাবর পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি তাঁর আগের পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক—হিসেবে ফিরে যেতে চান।
এর আগে ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দেন, তার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপাচার্যের মতামত জানতে চান। তিনি এসব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান।
ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পদে না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাবেন।
শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানানো হয়েছে। সাক্ষাৎ শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পদত্যাগের আবেদন গৃহীত হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।