পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, তিনি তিন পার্বত্য জেলার অধিপতি নন, বরং সেবক হিসেবে কাজ করতে চান। মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।
রবিবার (২২শে ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়ের মানুষকে পিছনে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সমান সুযোগ দেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন, পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বন্টন, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখতে।
তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সভা শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তাঁর নেতৃত্বে তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে পারবে, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ হবে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।