হজ ব্যবস্থাপনায় অনিয়মে কঠোর অবস্থান, সতর্ক করলেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হজ সামনে রেখে প্রস্তুতি চলছে, এ সময় দায়িত্ব পালনে বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

রোববার (২২শে ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজেও অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কেবল ঊর্ধ্বতনদের নির্দেশ দ্রুত পালন করলেই ভালো কর্মকর্তা হওয়া যায় না। এতে অফিস বা দেশের প্রকৃত উপকার হয় না।

তার ভাষায়, দায়িত্ব সঠিকভাবে পালন করাই একজন কর্মকর্তার মূল কাজ। “আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে পালন করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে,” বলেন তিনি। তিনি আরও যোগ করেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে সেটিই হবে প্রকৃত সাফল্য।

কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক কাজের মাধ্যমেই গড়ে উঠবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, “সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা এক পা এগিয়ে এলে আমি তিন পা এগিয়ে আসব।”

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন এবং বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *