সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর প্রতিনিধিরা।
বৈঠকে সংগঠনের নেতারা অনলাইন গণমাধ্যম খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে প্রতিবছর রেজিস্ট্রেশন নবায়ন ফি পরিশোধের বাধ্যবাধকতা বাতিলের দাবি জানান তারা। তাদের মতে, বার্ষিক নবায়ন প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ছোট ও মাঝারি পোর্টালের জন্য আর্থিক চাপ তৈরি করে।
ওনাব প্রতিনিধিরা আরও বলেন, দেশে বহু অনিবন্ধিত অনলাইন পোর্টাল পরিচালিত হচ্ছে। এসব পোর্টালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অসুবিধায় পড়ছে। তাই অনিবন্ধিত পোর্টাল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সংগঠনটির আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল—নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ নিশ্চিত করা। তাদের যুক্তি, সরকার অনুমোদিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও অধিকাংশ অনলাইন পোর্টাল সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত থাকে, ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টাল খাতকে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যৌক্তিক ও বাস্তবসম্মত দাবিগুলো সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।
বৈঠকে ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম এবং নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও অয়ন আহমেদ উপস্থিত ছিলেন।