তেহরানে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ দূতাবাসের শ্রদ্ধাঞ্জলি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ইরানের রাজধানী তেহরান-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে। দিবসটি উপলক্ষে দূতাবাস দুই পর্বের কর্মসূচি গ্রহণ করে।

দিনের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ রাবেয়া সুলতানার নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃথক বাণী পাঠ করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরানে বসবাসরত বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশুদের কণ্ঠে মাতৃভাষার কবিতা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আলোচনা পর্বে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। বিদেশের মাটিতে থেকেও মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদেশের মাটিতে এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—বরং মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও ঐতিহাসিক চেতনার পুনরুচ্চারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *