বরিশাল বিভাগে তথ্য কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (২২শে ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এ সভায় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি বৃহৎ মন্ত্রণালয়, যার কাজের পরিধি বিস্তৃত। তাই সমন্বিত উদ্যোগ ও সক্রিয় তদারকি প্রয়োজন।
সভায় মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রম আরও বেগবান করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি মাঠপর্যায়ের তথ্য সেবা জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমের তথ্য জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
এছাড়া বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় তথ্য কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। তারা মাঠপর্যায়ে তথ্য সেবার পরিধি বাড়াতে নীতিগত ও প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানান। মন্ত্রী তাদের প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সরকারি তথ্য সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।