রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক–কে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
গুলশানে টেলিটকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের সময়ে মানুষ যেন টেলিটকের উন্নত সেবা পায়—সে লক্ষ্যে দ্রুত কাজ করতে হবে। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই ধারাবাহিকতায় টেলিটককেও সেবার মান উন্নয়ন ও নেটওয়ার্ক শক্তিশালী করার দিকে গুরুত্ব দিতে হবে।
সভায় উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মতবিনিময় সভায় টেলিটকের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বাড়ানোর বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশে বেসরকারি অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় টেলিটক দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। সরকারের এই নতুন নির্দেশনা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক বিস্তার, সেবার মান উন্নয়ন এবং গ্রাহক আস্থা পুনরুদ্ধারে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।