লালমনিরহাট ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। বাহিনীটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ সদর দপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুটি বড় চালান আটক করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৪৩ বোতল ESKuf সিরাপ, ৯৯ বোতল Fairdyl সিরাপ এবং ২০ কেজি গাঁজা।
অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার পাঁচজন সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১৩–এর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকা থেকে এসব মাদক দেশের ভেতরে বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা ছিল চক্রটির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৩ জানিয়েছে, সীমান্তঘেঁষা জেলাগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। বাহিনীর দাবি, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
সাব্বির হোসেন
হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি