চীনা বিনিয়োগ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং অবকাঠামোসহ বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। অদূর ভবিষ্যতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর জন্য তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান। ফলে চীন সরকারের পক্ষ থেকে বিনিয়োগ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কর্মরত রয়েছেন। উন্নয়ন ও নিরাপত্তা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিনিয়োগবান্ধব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন।

এ জবাবে মন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা। বিনিয়োগ সুরক্ষা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে সাইবার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা সহযোগিতা প্রসঙ্গও উঠে আসে। রাষ্ট্রদূত চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য “International Alliance Combating Telecom and Cyber Fraud” জোটে বাংলাদেশের যোগদানের অনুরোধ জানান। এ সংক্রান্ত প্রস্তাব যথাযথ কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া দুই দেশের মধ্যে “আইন প্রয়োগকারী প্রশিক্ষণ সহযোগিতার কর্মপরিকল্পনা” শীর্ষক সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ায় সেটি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ মত বিনিময় করে।

বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং চীনের জননিরাপত্তা মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। চলতি বছরের সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি। মন্ত্রী সুবিধাজনক সময়ে চীন সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *