আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি 

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে তাঁকে আইজিপি পদে নিয়োগ দেয়। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম-এর স্থলাভিষিক্ত হলেন।

আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির অতিরিক্ত আইজি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ কর্মরত ছিলেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএন-এও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মো. আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *