কেরাণীগঞ্জে খাল পুনরুদ্ধার পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধারে সরকার ব্যবস্থা নেবে। খাল খননের পাশাপাশি খালের পাড় সুরক্ষা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে।

বুধবার (২৫শে ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের পুনঃখনন এবং পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, চলমান প্রকল্পের আওতায় খাল খনন ও পুনরুদ্ধারের কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী নতুন প্রকল্প নেওয়া হবে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা ও আঁটি খালের কাজ শিগগির শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, খালগুলোকে টেকসই রাখতে এবং নদীর সঙ্গে সংযোগ ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দ্বিতীয় পর্যায়ে আরেকটি প্রকল্প নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল, পুকুর ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচি ঘোষণা করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

খাল সংরক্ষণের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশজুড়ে খালের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়ার কথাও জানান। জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে। তাঁর মতে, খাল খনন ও পুনঃখনন হলে সেচব্যবস্থা উন্নত হবে, নদীর নাব্যতা ফিরবে এবং জলাবদ্ধতা কমবে।

পরিদর্শনকালে মন্ত্রী শুভাঢ্যা খালের খেজুরবাগ, জোড়াব্রীজ ও চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা ঘুরে দেখেন। এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক এবং রাজনীতিবিদ নিপুর রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *