দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
বুধবার (২৫শে ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ–এর সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রে সরকারের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। বেসরকারি খাত, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে ক্রীড়াঙ্গণের উন্নয়ন দ্রুত হবে। তিনি জানান, দেশের সব ক্রীড়া ফেডারেশন সমানভাবে আর্থিকভাবে শক্তিশালী নয়। তাই নিয়মিত পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রতিটি খেলাকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা থাকবে।
তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি পবিত্র ঈদুল ফিতরের পর দেশব্যাপী শুরু হবে। এই কর্মসূচির লক্ষ্য হবে জেলা ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে প্রশিক্ষণের আওতায় আনা।
সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ক্রীড়াঙ্গণকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি। প্রতিমন্ত্রীর নেতৃত্বে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে তারা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গণে আর্থিক স্থিতি ও পেশাদার কাঠামো শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।