হেফাজত রাজনৈতিক দল নয়, তবে তাদের পরামর্শ গ্রহণে আপত্তি নেই: এ্যানি

লক্ষ্মীপুরে হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয়, তবে তাদের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছে। তাই তাদের পরামর্শ গ্রহণে আমাদের কোনো আপত্তি নেই। তারা সবার জন্য পরামর্শদাতা হিসেবে কাজ করছে।”

শুক্রবার (১0 অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, “সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনেছি। তিনি অত্যন্ত পরিমিতভাবে বিশ্লেষণসহ ইসলাম, সমাজ ও দেশের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তার কথায় স্পষ্ট—সবকিছুর আগে বাংলাদেশ।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *