বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভোক্তারা যাতে অতিরিক্ত দামে এলপিজি কিনতে বাধ্য না হন, সে জন্য সরকার মাঠপর্যায়ে নজরদারি জোরদার করবে। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার তদারকি বাড়ানো হবে এবং এলপিজির দাম “আগের জায়গায়” ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর বর্তমান মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৫৬ টাকা। তবে বিভিন্ন এলাকায় এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ এসেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার খবর আমরা পেয়েছি। কেউ যাতে বাজার অপব্যবহার করতে না পারে, সেদিকে কঠোর নজর থাকবে।”
তিনি আরও বলেন, সরবরাহ ব্যবস্থায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা যাতে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। সরকারের বিভিন্ন সহায়ক সংস্থার সমন্বয়ে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
সাম্প্রতিক সময়ে জ্বালানি বাজারে দামের ওঠানামা এবং সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার চাইছে, সরবরাহ স্বাভাবিক রেখে ভোক্তা পর্যায়ে অস্থিরতা এড়াতে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।