কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১লা মার্চ) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি এলাকা থেকে মাটি বোঝাই একটি শেলো ইঞ্জিনচালিত ট্রলি আটক করে দৌলতপুর থানা পুলিশ। আটক করা হয় শাহিন হোসেন (২১) নামে এক যুবককে। পরে তাকে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ । দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। ট্রলিসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, ফসলি জমির মাটি কাটা আইনত নিষিদ্ধ। এতে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ব্যক্তিগত লাভের জন্য উর্বর জমি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশে ইটভাটার জন্য ফসলি জমির মাটি কেটে বিক্রি করার ঘটনা নতুন নয়। কৃষি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, জমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে নেওয়া হলে সেই জমির উৎপাদনশীলতা দীর্ঘমেয়াদে কমে যায়। স্থানীয় প্রশাসন বলছে, কৃষিজমি রক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে।
ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি