পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ নজরদারি চালাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, চলতি অভিযানে মোট ১,০০৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৫০টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যেগুলোর মধ্যে ৭০১টি মানসম্মত এবং ৪৯টি নিম্নমানের পণ্য পাওয়া গেছে।
সচিব বলেন, নিম্নমানের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও শোকজ করা হয়েছে। মোবাইল কোর্ট, বাজার তদারকি এবং নমুনা পরীক্ষার মাধ্যমে রমজানজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব এবং পুলিশ এই কার্যক্রমে সহযোগিতা করছে।
ইফতার ও সেহরিতে ব্যবহৃত ভোজ্যতেল, খেজুর, মুড়ি, সেমাই, নুডুলস, পানীয় ও দুগ্ধজাত পণ্যের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। খোলা বাজার ও উৎপাদনস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআই-এর ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
শিল্প সচিব আরও জানিয়েছেন, অনলাইনে নকল ও অবৈধ পণ্যের বিক্রয় বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে এবং ইতোমধ্যে একাধিক অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
ব্রিফিংয়ে বিএসটিআই’র মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।