রাঙ্গামাটিতে রোববার (১লা মার্চ) অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। আমাদের কাজ হবে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।” তিনি সরকারি কর্মকর্তাদের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, “আমি আপনাদের সহযাত্রী হতে চাই। জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করুন, আমি সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরবো।”
সম্প্রীতির গুরুত্বের কথা স্মরণ করিয়ে মন্ত্রী সতর্ক করেন, উন্নয়ন বা সুযোগ-সুবিধায় বৈষম্য হলে তা সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই তিনি সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। জেলার সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।