চাঁদপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি ছাত্রী শাখার সেমিনার কক্ষে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, প্রথম কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় ৩০ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের কৌশল শিখেছেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়া প্রশাসক ও উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।
দুটি কর্মশালায় অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান ও অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ২০১৯ সালে চাঁদপুরে প্রথমবারের মতো উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।